শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১০:২২ পিএম

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি শুরু হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাজেক ইউনিয়নের অত্যন্ত দুর্গম কলাবুনিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-সন্তু) কর্মীদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী থেমে থেমে এই বন্দুকযুদ্ধ চলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কলাবুনিয়া অঞ্চলে আঞ্চলিক দুটি সশস্ত্র রাজনৈতিক পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবি করেন, গোলাগুলির কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই এবং জেএসএসের এই ধরনের সংঘাতে জড়ানোর প্রশ্নই ওঠে না। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সাজেকের কিছু অঞ্চলে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি প্রকাশ্য সশস্ত্র মহড়া চালানো হচ্ছে। স্থানীয়দের ধারণা, সাধারণ মানুষের ওপর চাপ বাড়াতে এবং শান্তিচুক্তির পক্ষের নেতাকর্মীদের নিশানা করতেই এই সশস্ত্র তত্পরতা চালাচ্ছে তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র অংগ্য মারমার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।