বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
পাহাড়ে সড়ক অবরোধ

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৮:১০ পিএম

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে স্থানীয় দুটি সংগঠন। তবে সড়ক যোগাযোগ সাময়িক স্বাভাবিক হলেও সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা থাকছে না।

সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির বিশেষ অনুরোধ এবং শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে এই অবরোধ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে উৎসব শেষে দাবি আদায় না হলে পুনরায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে সাজেকবাসীর মূল দাবিগুলো দ্রুত পূরণ করা না হলে দুর্গোৎসব শেষ হওয়ার পর আগামী ২১ অক্টোবরের পর থেকে সাজেক সড়কে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করা হবে।

এর আগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তিন দফা দাবিতে গত রোববার (১১ অক্টোবর) সাজেক সড়কে প্রথম দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। ওই দিন বিকেলে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন। সাজেক গণঅধিকার রক্ষা কমিটির প্রতিনিধি বাবুধন চাকমা জানান, প্রশাসনের কাছে তাদের তিনটি সুনির্দিষ্ট দাবি রয়েছে।

দাবিগুলো হলো সাজেক এলাকা থেকে জনসংহতি সমিতিকে (জেএসএস) পুরোপুরি সরিয়ে নিতে হবে, জেএসএস যাতে ভবিষ্যতে কাউকে প্রাণনাশের হুমকি দিতে না পারে তার সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে এবং প্রশাসন কর্তৃক সাধারণ ও নিরীহ জনগণের বসতঘরে গিয়ে তল্লাশি বা হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) সাজেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠন দুটি।