অক্টোবর ২৫, ২০২৬, ০২:৫৫ পিএম
পতিত রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালালেও দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সদ্য সমাপ্ত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একই সাথে তিনি কঠোর বার্তা দিয়ে জানান, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অনেক বছর পর বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসাহ-উদ্দীপনাময় ও নিরাপদ পরিবেশে সুসম্পন্ন হয়েছে। দেশে ধর্মীয় সম্প্রীতি পুরোপুরি অক্ষুণ্ণ রেখে উৎসবমুখর পরিবেশে এমন সার্বজনীন আয়োজন সম্ভব হওয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসব সফল ও সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের যেসব সদস্য দিনরাত দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখার কৌশল তুলে ধরে সালাহউদ্দিন আহমদ জানান, আধুনিক ডিজিটাল পদ্ধতি ও প্রযুক্তিনির্ভর বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবার নিশ্ছিদ্র নজরদারি বজায় রাখা হয়েছিল।
তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর পর্যন্ত সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়।
মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে প্রতিটি মুহূর্তের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই সতর্কতামূলক ব্যবস্থার ফলেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর গোপন পরিকল্পনা আগেই শনাক্ত করে দ্রুত প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন