শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
আলিম পরীক্ষার ফল

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা তামীরুল মিল্লাত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১০:৩৫ পিএম

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা তামীরুল মিল্লাত

ছবি: সংগৃহীত

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা স্থান অধিকার করেছে গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রকাশিত ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি অভাবনীয় এই সাফল্য অর্জন করে। এ বছর মাদ্রাসাটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট এক হাজার ৪০৭ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে এক হাজার ৪০৩ জন। ফলে প্রতিষ্ঠানটিতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭২ শতাংশে।

মাদ্রাসার প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ৪৬৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩২ জন এবং সাধারণ বিভাগ থেকেও ঠিক সমানসংখ্যক অর্থাৎ ২৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডে সামগ্রিক পাসের হার ৬১ শতাংশের কিছু বেশি হলেও আমাদের প্রতিষ্ঠানে তা প্রায় শতভাগ।

এছাড়া বিভিন্ন গ্রেডে উত্তীর্ণদের মধ্যে এ গ্রেড পেয়েছে ৭৬১ জন শিক্ষার্থী। এ-মাইনাস পেয়েছে ১৩১ জন, বি গ্রেড অর্জন করেছে ৩৭ জন এবং সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ১০ জন শিক্ষার্থী। পুরো প্রতিষ্ঠান থেকে এ বছর অকৃতকার্য হয়েছে মাত্র চারজন পরীক্ষার্থী।

সাফল্যের প্রতিক্রিয়ায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে সামগ্রিকভাবে ৯৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়া সন্তোষজনক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য এসেছে।

তিনি আরও উল্লেখ করেন, শুধু জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য মূল্যায়ন করা সমীচীন নয়। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং তাদের উচ্চশিক্ষার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলাকেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।