শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
দিনাজপুরে শিক্ষামূলক মঞ্চনাটক

অনেক বৃষ্টি অনেক রোদ শিক্ষামূলক নাটক দেখতে শিল্পকলায় দর্শকের ভিড়

মো: রেজাউল ইসলাম রিজু

অক্টোবর ৩১, ২০২৬, ০৮:২৭ পিএম

অনেক বৃষ্টি অনেক রোদ শিক্ষামূলক নাটক দেখতে শিল্পকলায় দর্শকের ভিড়

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে পিস থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে শিক্ষামূলক নাটক ‘অনেক বৃষ্টি অনেক রোদ’। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির সফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর শাখার চেয়ারম্যান রাজিবুর রহমান পলাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী সচিব সোহেল রানা, অধ্যাপক ড. শামসুজ্জোহা, অধ্যাপক আবু তাহের সিদ্দিকী, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলার চেয়ারম্যান মাসুদ রানা এবং কো-চেয়ারম্যান আজিবুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

আহমদ নাছিমুল হুদা নাওশাদের রচনায় নাটকটির সুনিপুণ নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার সোহেল। সহকারী নির্দেশকের ভূমিকা পালন করেন নাজমুল রুপম।

নাটকটির সামগ্রিক পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন টংক নাথ অধিকারী এবং মঞ্চের আলোক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম। পুরো আয়োজনের নেপথ্য সার্বিক সহযোগিতায় ছিলেন রাওফাত জাহান, সাদিয়া আফরিন, মোশাররফ তাবাসসুম, ইয়াসীন আলী, আহসান হাবীবসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

নাটকটির মূল উপজীব্য ছিল একজন কিশোরের মানসিক চিন্তা-চেতনা ও জীবনবোধের ইতিবাচক রূপান্তর।

গল্পের দৃশ্যপটে তুলে ধরা হয়, একজন আদর্শ শিক্ষকের আন্তরিক দিকনির্দেশনা এবং সহপাঠীদের সুন্দর সাহচর্যে কীভাবে একজন আনমনা ও পড়াশোনায় অমনোযোগী কিশোর ধীরে ধীরে বিদ্যাচর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠে। অনুকূল ও আদর্শিক পরিবেশের সংস্পর্শে দুষ্টু এবং চঞ্চল শিক্ষার্থীরাও ইতিবাচক ব্যক্তিত্বে পরিণত হতে পারে, সেই শিক্ষণীয় বার্তাটি হৃদয়গ্রাহী সংলাপে ফুটিয়ে তোলা হয়।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে প্রাণবন্ত অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন পিস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন নিহাল, আবরার, রাইয়ান, তৌসিফ, মুনতাসির, ফারহান, সামিউল, রিসালাত, মিরাজ, মাসুম, আজাদ এবং সিয়ামসহ আরও অনেকে।

কিশোর শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত সৃজনশীলতার বিকাশ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সুন্দর মানসিকতা গঠনে নাটকটি উপস্থিত দর্শক ও অভিভাবকদের কাছে একটি সময়োপযোগী আয়োজন হিসেবে মূল্যায়িত হয়েছে।