অক্টোবর ৩১, ২০২৬, ০৮:৩২ পিএম
স্প্যাম নীতিমালা লঙ্ঘনের দায়ে হঠাৎ করে কোনো চ্যানেল সরাসরি বাতিল না করে ক্রিয়েটরদের জন্য ৩০ দিনের স্ব-সংশোধন বা সেলফ-ক্লিনআপের সুযোগ চালু করেছে ইউটিউব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি এই নতুন ফিচারটি পরীক্ষামূলক ভিত্তিতে কার্যকর করা শুরু করেছে।
আগের নিয়মে কোনো চ্যানেল স্প্যামিং সংক্রান্ত নীতিমালার আওতায় পড়লে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে যোগ্য চ্যানেলগুলোর মালিকেরা প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী নিজেদের অ্যাকাউন্টে প্রয়োজনীয় সংশোধন আনার সুযোগ পাচ্ছেন।
এই ৩০ দিনের পর্যবেক্ষণকালীন সময়ে চ্যানেলটি সাময়িকভাবে তালাবদ্ধ বা লক অবস্থায় থাকবে। এর ফলে ওই সময়ের মধ্যে চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা কিংবা কোনো কমেন্ট পোস্ট করার সুযোগ থাকবে না।
নীতিমালা ভঙ্গকারী কনটেন্ট সংশোধনের জন্য ক্রিয়েটরদের সামনে তিনটি নির্দিষ্ট বিকল্প রাখা হয়েছে।
প্রথমত, ক্রিয়েটর সংশ্লিষ্ট ভিডিওগুলো এডিট করে নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন অথবা বিতর্কিত ভিডিও সরাসরি মুছে ফেলতে পারেন। দ্বিতীয়ত, পুরনো সব ভিডিও মুছে ফেলে সম্পূর্ণ নতুনভাবে চ্যানেলটি চালু করার সিদ্ধান্ত নিতে পারেন। তৃতীয়ত, অ্যালগরিদমের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ বা আনুষ্ঠানিক আপিল দায়ের করার পথও খোলা রাখা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পুরনো সব ভিডিও মুছে ফেলে চ্যানেল সচল করা সম্ভব হলে ক্রিয়েটরের সাবস্ক্রাইবার সংখ্যা, চ্যানেলের নিজস্ব ইউজার হ্যান্ডেল এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা আয় করার সক্ষমতা অক্ষুণ্ণ রাখার সুযোগ তৈরি হবে।
তবে নির্ধারিত ৩০ দিনের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে চ্যানেলটি স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইউটিউব স্পষ্ট করেছে, এই সুবিধাটি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে প্ল্যাটফর্মের সব চ্যানেলের জন্য এটি প্রযোজ্য হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন