শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
সংবাদ সম্মেলনে অভিযোগ

এআই দিয়ে ছবি তৈরি করে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ৩১, ২০২৬, ০৮:০০ পিএম

এআই দিয়ে ছবি তৈরি করে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দিনাজপুর টিভি

এআই দিয়ে ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে প্রতিকার চেয়েছেন এক তরুণী। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই তরুণীর নাম লিজা আক্তার। তিনি পঞ্চগড় পৌর এলাকার দক্ষিণ রাজনগর মহল্লার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা আক্তার জানান, তানিসা আক্তার নামের একটি ফেসবুক আইডির সূত্র ধরে তাঁর সাথে রুবি আক্তার নামের এক নারীর পরিচয় হয়। পরবর্তীতে ওই আইডি ছাড়াও একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে তাঁর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর অপপ্রচার চালানো শুরু হয়। অভিযোগ করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তাঁর ছবি বিকৃত করা হয়েছে এবং বিভিন্ন পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সদস্য আহসান হাবিবের সাথে রুবি আক্তারের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা একসঙ্গে এলাকা থেকে নিখোঁজ হন এবং কিছুদিন পর ফিরে আসেন।

ফিরে আসার পর তারা উল্টো লিজার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রচার করতে থাকেন যে অভিযুক্ত পুলিশ সদস্য লিজার আপন ভাই। তবে লিজা দৃঢ়ভাবে দাবি করেন, ওই পুলিশ সদস্য তাঁর কোনো আত্মীয় বা ভাই নন।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, সজিব হাসান ও রনি নামের আরও দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে হয়রানি করে আসছিল। একপর্যায়ে তাঁর ক্ষতি করার উদ্দেশ্যে নোয়াখালী জেলায় সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন একটি মামলা দায়ের করা হয়।

বর্তমানে রুবি আক্তার তাঁর কাছে সরাসরি ১০ লাখ টাকা দাবি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। টাকা না দিলে নতুন মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ওই তরুণী। সংবাদ সম্মেলনে লিজা আক্তারের পিতা বেলাল হোসেন ও মাতা ঝর্ণা বেগম উপস্থিত ছিলেন।