শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
উপনির্বাচনের ফলাফল মূল্যায়ন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তায় ধস: ফরহাদ হোসেন আজাদ

তানভীর হাসান তানু

অক্টোবর ৩১, ২০২৬, ০৪:০৭ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধীদের জনপ্রিয়তায় ধস: ফরহাদ হোসেন আজাদ

ছবি: দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে যে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় এক লাখ ৩০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। উপনির্বাচনের এই ফলাফল প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে আর কী করেনি, ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তার সঠিক মূল্যায়ন করেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কী ভূমিকা রাখছে, জনগণ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অতীতে যারা বিভিন্ন সময় লংমার্চ, রোডমার্চ ও আন্দোলনের নামে নানা কর্মসূচি পালন করেছে, এই উপনির্বাচনের ফলাফলে সাধারণ মানুষ তাদের বিষয়ে নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, বিরোধী শিবিরের বিগত দিনের নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই মূলত জনসমর্থন তলানিতে নেমেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন পরিকল্পনার সার্বিক অগ্রগতিও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সারা দেশে খাল ও নদী পুনর্খননের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খনন কার্যক্রম সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের কাজে কোথাও কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি ধরা পড়লে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

শনিবার সকালে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে মাছ ধরা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জলকপাট উন্মুক্ত করার সাথে সাথেই স্থানীয় জেলে ও সর্বস্তরের সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাল নিয়ে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ বাসিন্দারা।