অক্টোবর ৩১, ২০২৬, ০২:৪৫ পিএম
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে না পারা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান একীভূত করার পরিকল্পনা করছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
তিনি স্পষ্ট করেছেন, প্রতিষ্ঠান পুনর্বিন্যাস করা হলেও কোনো শিক্ষকের চাকরি যাবে না।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয়ভাবে অনেক কলেজ গড়ে উঠেছে। চাইলেই সেগুলো রাতারাতি বন্ধ করে দেওয়া বাস্তবসম্মত নয়। তবে সীমিত পরিসরে কীভাবে এসব প্রতিষ্ঠান পুনর্বিন্যাস বা সংস্কার করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
এবারের পরীক্ষায় শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে পার্শ্ববর্তী অন্যান্য কলেজের সঙ্গে একীভূত করার বিষয়টি এখন বিবেচনায় রয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে জানান, এই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কর্মরত শিক্ষকদের চাকরিচ্যুত করার কোনো আশঙ্কা নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন