শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
মুক্তিযোদ্ধার দাফনে বাধা

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ দিনাজপুরে ক্ষোভ ও মানববন্ধন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৩১, ২০২৬, ০১:১৭ পিএম

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ দিনাজপুরে ক্ষোভ ও মানববন্ধন

ছবি: দিনাজপুর টিভি

মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড। পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জেলায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত-শিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক অপতৎপরতার অভিযোগ তুলে রাজপথে নেমে আসেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

শনিবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে মাইকে অপপ্রচার চালিয়েছে।

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। বক্তারা এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে মূল বক্তব্য দেন ইউনিট কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে এমন ন্যক্কারজনক বাধা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে কখনোই মেনে নেবে না।

সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক সাইফুদ্দিন আক্তার, যুগ্ম কমান্ডার কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানহানি করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।