শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
স্তন ক্যানসার সচেতনতা

স্তন ক্যানসার সচেতনতায় দিনাজপুরে শোভাযাত্রা

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৩০, ২০২৬, ০৭:২৬ পিএম

স্তন ক্যানসার সচেতনতায় দিনাজপুরে শোভাযাত্রা

ছবি: দিনাজপুর টিভি

স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রার মাধ্যমে জেলার মোট ১৩টি উপজেলার সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সঠিক সচেতনতা, নিয়মিত শারীরিক পরীক্ষা এবং প্রাথমিক স্তরেই রোগ শনাক্ত করা সম্ভব হলে আক্রান্ত নারীর চিকিৎসা গ্রহণ ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

তিনি নারীদের সামাজিক সংকোচ ও অপ্রয়োজনীয় ভয় ঝেড়ে ফেলে নিজ স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের সহসভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল এবং নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য জুলফিকার রহমান বাবু, আক্তারুজ্জামান আখতার, শওকত উল্লাহ মজিদ বাদশা ও ওবায়দুর রহমান গোল্ডেন কর্মসূচিতে সক্রিয় অংশ নেন।

অনুষ্ঠানে ঢাকা থেকে এসে সংহতি জানান রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান ও কাজী আব্দুল হালিম।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজনীতিবিদ মামুন চৌধুরী, সাংবাদিক এন আই মানিক, কালবেলার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই কেন্দ্রীয় প্রতিপাদ্য সামনে রেখে জেলাজুড়ে তৃণমূল পর্যায়ে জোর তৎপরতা চালানো হয়।

দুই দিনের এই প্রচার অভিযানে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, খানসামা এবং দিনাজপুর সদর উপজেলা প্রদক্ষিণ করে শোভাযাত্রার বহর। পথচারী ও স্থানীয় নারীদের হাতে স্তন ক্যানসারের প্রাথমিক উপসর্গ, শনাক্তকরণ ও চিকিৎসার তথ্যসংবলিত নির্দেশিকা তুলে দেওয়া হয়।