শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

ফুলবাড়ী থানা পরিদর্শন করে সেবার মান বাড়ানোর নির্দেশ পুলিশ সুপারের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ১০:০৪ এএম

ফুলবাড়ী থানা পরিদর্শন করে সেবার মান বাড়ানোর নির্দেশ পুলিশ সুপারের

দিনাজপুরের ফুলবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

সেখানে থানা পুলিশের একটি চৌকস দল জেলা পুলিশ প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনা দিয়ে বলেন, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং সাধারণ মানুষকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার তাগিদ দেওয়ার পাশাপাশি তিনি থানার সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার আনুষ্ঠানিক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি ফুলবাড়ী সার্কেল অফিসের ছাদবাগানে একটি গাছের চারা রোপণ করেন।