অক্টোবর ২২, ২০২৬, ০৩:০৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনস্থ সুন্দরা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় কার্যকর তল্লাশি অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা মালিকবিহীন এই চালানের সন্ধান মেলে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা ২৮৬ বোতল সিরাপের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয় ৪২ হাজার ৯০০ টাকা।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। ব্যাটালিয়ন সদর দপ্তর জানিয়েছে, মাদকদ্রব্য ও অবৈধ মালামাল পাচার রোধে বিজিবির এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও পূর্ণ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন