অক্টোবর ২২, ২০২৬, ০২:৫৯ পিএম
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ দেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এছাড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন ও পরিচালক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমন এবং দিনাজপুর লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা অংশ নেন। জেলা কমিটির সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লা ও সংগীতশিল্পী বিপাশা মুরশালিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিপাড়ায় লুৎফুন্নেছা টাওয়ারের সামনে এসে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর চেম্বারের পরিচালক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমন, বিরল ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাজ আল মিনাল এবং জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান। এর আগে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আইনবিষয়ক সম্পাদক ও সমাজকর্মী মুকিদ হায়দার শিপন।
সমাবেশে বক্তারা জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও প্রাণহানি বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
বক্তারা বিগত ১৩ বছরের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৩ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় এক লাখ ২৫ হাজার ৪০৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৪৯ জন। পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন আট হাজার ৫৪৩ জন এবং ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় নয় হাজার ১১১ জনে। এছাড়া ২০২৬ সালের প্রথম নয় মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী চার হাজার ২৮৫টি দুর্ঘটনায় চার হাজার ১৫৭ জন মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনা প্রতিরোধে আইনের সঠিক বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে বিআরটিএর মাধ্যমে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের তিন লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া, সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী কমিটির সদস্য ফুয়াদ, আস্তারুল ও মমিনসহ জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। পুরো সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন