বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
প্রতিমা বিসর্জন

দিনাজপুরের মণ্ডপে মণ্ডপে অশ্রুসজলে দেবীকে বিদায়

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২১, ২০২৬, ০৮:৩৮ পিএম

দিনাজপুরের মণ্ডপে মণ্ডপে অশ্রুসজলে দেবীকে বিদায়

ছবি: দিনাজপুর টিভি

উৎসবমুখর পরিবেশ ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দিনাজপুরে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দেবীকে অন্তিম বিদায় জানাতে সকাল থেকেই জেলার পূজামণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। দেবীবন্দনার আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি মণ্ডপজুড়ে ছিল বিদায়ের বিষাদময় আবহ।

আসছে বছর আবার হবে। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতায় সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলে বিহিত পূজা, অঞ্জলি প্রদান ও বিশেষ ধর্মীয় আচার। এ সময় বিবাহিত নারীরা ঐতিহ্যবাহী সিঁদুরখেলায় মেতে ওঠেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। ভক্তরা দেবী দুর্গার চরণে অর্ঘ্য নিবেদন করে পরিবার, সমাজ ও গোটা দেশের সার্বিক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন।

পূজা-অর্চনা শেষে ঢাকের বাদ্য, কাঁসরঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনির সাথে শুরু হয় প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য প্রস্তুতি। ভক্তরা দলবেঁধে শোভাযাত্রায় অংশ নিয়ে প্রতিমা বিসর্জন ঘাটের দিকে অগ্রসর হন। দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে একে একে প্রতিমা নিয়ে বিসর্জনস্থলের উদ্দেশে রওনা হন সনাতন ধর্মাবলম্বীরা। নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদায়লগ্নের শোভাযাত্রা এক মিলনমেলায় রূপ নেয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের অশুভ ও অসুর শক্তি বিনাশ করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা নিয়ে দেবী দুর্গা মর্ত্যলোকে এসেছিলেন। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী পুনরায় মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান।

বিসর্জন শোভাযাত্রা ও আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন। দেবী দুর্গার পরবর্তী আগমনের আশাবাদ ব্যক্ত করে ভক্তদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনের এই শারদীয় দুর্গোৎসব বলে দিনাজপুর টিভি ডট কম-কে নিশ্চিত করেছেন স্থানীয় আয়োজকরা।