বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
শতবর্ষী ঐতিহ্য

পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে শুরু হচ্ছে আদিবাসীদের মিলনমেলা

জাহিদ হাসান

অক্টোবর ২২, ২০২৬, ১১:৩৭ এএম

পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে শুরু হচ্ছে আদিবাসীদের মিলনমেলা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুইশত বছরের গৌরবময় ঐতিহ্য ধারণ করে শুরু হতে যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের বহুল প্রতীক্ষিত মিলনমেলা। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠে দিনব্যাপী এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হবে।

বাহ্যিকভাবে এটি জীবনসঙ্গী খুঁজে নেওয়ার মেলা হিসেবে স্থানীয় লোকমুখে ছড়িয়ে পড়লেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মূলত এটি কোনো পছন্দ বা বিয়ের উদ্দেশ্যে গঠিত বাজার নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক বন্ধন, সৌহার্দ্য ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য মহাসম্মেলন।

সাধারণত প্রতি বছর শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ঠিক পরদিন এই আয়োজন বসে। তবে বীরগঞ্জ উপজেলার সামগ্রিক পরিস্থিতি ও ব্যাপক পরিসরের কারণে এবার নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন ঘটিয়ে শুক্রবার মেলার দিন ধার্য করা হয়েছে।

ঐতিহাসিক এই মিলনমেলাকে কেন্দ্র করে শুধু দিনাজপুর জেলাই নয়, বরং আশপাশের বিভিন্ন জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে সমতলের আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ ভিড় জমান।

স্থানীয় প্রবীণ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া, মোহনপুর ও মরিচা ইউনিয়নের কেন্দ্রস্থল গোলাপগঞ্জ এলাকায় যুগ যুগ ধরে এই ঐতিহ্যবাহী আয়োজন টিকে রয়েছে। প্রায় দুইশত বছরের সুপ্রাচীন এই সামাজিক রীতি মূলত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আদিবাসী পরিবারের সদস্যদের পারস্পরিক যোগাযোগ নবায়ন, প্রীতি বিনিময় এবং পারিবারিক সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার একটি প্রধান অবলম্বন।

মেলা প্রাঙ্গণে বয়সের কোনো বিভেদ থাকে না; সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত থাকে পুরো প্রান্তর।

উৎসবস্থলে দিনভর পরিবেশিত হয় আদিবাসীদের নিজস্ব লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী সুর। দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে পুনর্মিলন, নতুন প্রজন্মের সঙ্গে পারস্পরিক পরিচয় এবং উৎসবের আনন্দ উদযাপনে পুরো গোলাপগঞ্জ জনপদে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকের কাছে মেলাটি সামাজিকভাবে পরিচিতি ও পরিচয়ের স্থান হিসেবে সমাদৃত হলেও এর মূল শক্তি দুই শতাব্দীর নিখাদ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য।