মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
শারদীয় দুর্গাপূজার ছুটি

পোশাক শ্রমিকদের দুর্গাপূজার ছুটি ঘোষণা করল বিজিএমইএ

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৩৫ এএম

পোশাক শ্রমিকদের দুর্গাপূজার ছুটি  ঘোষণা করল বিজিএমইএ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক খাতের কর্মীদের সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের ছুটি নিশ্চিত করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে টানা তিন দিনের ছুটি থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিএমইএ জানায়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম অফিসের সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৩ অক্টোবর (শুক্রবার) নিয়মিত সাপ্তাহিক সরকারি ছুটি যুক্ত হওয়ায় পোশাক শ্রমিকরা টানা চার দিন ছুটি পাচ্ছেন। টানা এই ছুটির পর আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বিজিএমইএর উভয় দপ্তরের দাপ্তরিক কাজ যথারীতি পরিচালিত হবে।

তবে দীর্ঘ ছুটিতে রফতানি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোতে জরুরি সেবা বিশেষ করে ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি) সংক্রান্ত কার্যক্রম সচল থাকবে। এজন্য কাস্টমস, সিএমসি, শ্রম এবং অগ্নি ও নিরাপত্তা শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সার্বক্ষণিক সেবা দিয়ে যাবেন।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কর্মচারী ও সদস্য প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।