নভেম্বর ২৮, ২০২৬, ১২:৫৯ পিএম
শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামে স্বস্তি মিলছে না। কয়েক দিনের টানা বৃষ্টিতে সরবরাহে টান পড়ায় রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে বেশ কিছু সবজির দাম, পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে মাছও। তবে মুরগি, গরু ও খাসির মাংস এবং ডিমের বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি লাল শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা এবং মানভেদে লম্বা ও গোল বেগুন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, শসা ১০০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
নতুন আলুর দামও বেশ চড়া রয়েছে। প্রতি কেজি নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হলেও পুরোনো আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকায় মিলছে। এ ছাড়া গাজর প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইউসুফ আহমেদ জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে বলে জানান তিনি।
সবজির পাশাপাশি মাছ কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। আকারভেদে প্রতি কেজি রুই ২৪০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে কাতলা ৩০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা এবং টেংরা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, আর বড় আকারের দেশি মাছের দাম আরও বেশি।
মাছ ও সবজির তুলনায় মুরগির বাজারে দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকা, লাল লেয়ার মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি সর্বোচ্চ ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, যেখানে প্রতি ডজন লাল ডিম ১৪০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
সপ্তাহ দুয়েক আগেও কিছুটা কম দামে সবজি কিনতে পেরেছিলেন বলে জানান লন্ড্রি দোকানি আবদুর রহমান। শনিবার কালাচাঁদপুর বাজার থেকে আধা কেজি করে টমেটো ও শিম এবং এক কেজি আলু কেনার পর তিনি বলেন, বাজারে শীতকালীন সবজি আসা শুরু করায় দাম কিছুটা কমে শিম ও টমেটো নাগালে এসেছিল, কিন্তু এখন আবার দাম বেড়ে যাওয়ায় ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না, তাই আধা কেজি করে কিনতে হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন