শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
বন্যপ্রাণী ও পরিবেশ

আবারও বসতঘরে ঢুকে পড়ল আটটি গুলিবিদ্ধ আহত হাতিটি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১২:২৮ পিএম

আবারও বসতঘরে ঢুকে পড়ল আটটি গুলিবিদ্ধ আহত হাতিটি

লোকালয়ে বন্যহাতি

কক্সবাজারের টেকনাফে শরীরের আটটি গুলির চিহ্ন ও পায়ে আঘাতপ্রাপ্ত সেই বন্যহাতিটি আবারও বন ছেড়ে লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা হাতিটিকে বসতঘর থেকে বের করে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে শনিবার সকালে আহত বন্যহাতিটি পুনরায় চলে আসে। হাতিটি বাড়িতে অবস্থান নিলে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখায় এবং ঢিল ছুড়ে সেটিকে বনের দিকে ফেরানোর চেষ্টা করে।

আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না।

কোনো রকমে ধীরে ধীরে হেঁটে হাতিটি বনের কাছাকাছি এলাকায় সরে যায়। বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সেটিকে বনের ভেতরে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন। তবে হাতিটি এখনো পুরোপুরি বনে প্রবেশ না করে বনের সীমানার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, আর সেটিকে দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবারও লোকালয়ে চলে আসায় তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তখন তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল।

বর্তমানে হাতিটির সার্বিক পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই রেঞ্জ কর্মকর্তা।