নভেম্বর ২৮, ২০২৬, ১০:২১ এএম
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে মোট ৭৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, আগের মামলায় ১৩৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন রয়েছেন। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে ১১০ জন ও সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৪৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ২২ হাজার ৪২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ লিটার চোলাই মদ, ২৭ কেজি গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬ বোতল হুইস্কি এবং ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রামে ১৭ জন, কক্সবাজারে ৬ জন, কুমিল্লায় ২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, চাঁদপুরে ৪ জন, নোয়াখালীতে ১৪ জন, ফেনীতে ৬ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবক বা জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো কুমিল্লায় ১১২ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, কক্সবাজারে ১২ জন, খাগড়াছড়িতে ৮ জন, চট্টগ্রামে ১ জন এবং রাঙামাটিতে ১ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন