শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয়ে যুবক আটক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৪৯ এএম

সাতক্ষীরায় সেনাসদস্য পরিচয়ে যুবক আটক

আটককৃত যুবক

সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে পাত্রী দেখতে গিয়ে আটক হয়েছেন আমির হামজা নামের এক যুবক। তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছিলেন। পুলিশ তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও একটি মোবাইলফোন জব্দ করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদে পরিচয়ের অসংগতি ধরা পড়লে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আমির হামজার জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও উদ্ধার করা সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম রয়েছে মিনাজ উদ্দীন।

আটক আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।