শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,

বট-পাকুড়ের বিয়ে রুহিৎপুরে, দুই দিনের উৎসবে মেতেছেন গ্রামবাসী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৮:২১ পিএম

বট-পাকুড়ের বিয়ে রুহিৎপুরে, দুই দিনের উৎসবে মেতেছেন গ্রামবাসী

বট-পাকুড়ের বিয়ে ঘিরে দুই দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে, যেখানে সনাতন ধর্মীয় রীতিতে পাকুড়গাছকে বর ও বটগাছকে কনে সাজিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শুক্রবার দুপুরে এই আয়োজন শেষ হয় এবং এতে অংশ নেন শত শত গ্রামবাসী।

মানুষের বিয়ের মতোই এখানে বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক, অগ্নিসাক্ষী, মন্ত্রপাঠ ও ভোজের ব্যবস্থা রাখা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রুহিৎপুর গ্রামে পাশাপাশি দাঁড়িয়ে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে ভেঙে পড়ে। সেই পুরোনো গাছ দুটির স্মৃতি বাঁচিয়ে রাখতে স্থানীয়রা পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি বড় হলে গ্রামের প্রবীণরা তাদের বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নেন।

বিয়ের আয়োজনে প্রতীকী পরিচয় দেওয়া হয় গাছ দুটিকে। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে পাকুড়গাছটির নাম রাখা হয় তীর্থ শিকদার। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছটির নাম রাখা হয় শুক্লা সরকার।

বৃহস্পতিবার রাতে পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিয়ের প্রথম পর্ব শুরু করেন এবং সে রাতেই শুভদৃষ্টি ও সাত পাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রতীকী বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছেলেমেয়েরা ফিতা ধরে পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে বরযাত্রীরা ভেতরে প্রবেশ করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে বর-কনের স্বজন ও গ্রামবাসীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ওই সময় ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান, আর শতাধিক নারী উলুধ্বনিতে পুরো অনুষ্ঠানস্থল মুখর করে তোলেন। অনুষ্ঠান শেষে কয়েক শ মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বরের বাবা হিসেবে ভূমিকা রাখা চিত্ত রঞ্জন শিকদার জানান, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তার নিজের ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে।

কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, ১৯৯৬ সালে তার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যান। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন বলে জানান তিনি এবং উল্লেখ করেন, এই আয়োজনের মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনও তৈরি হয়েছে।

কনের ভাই শিশির সরকার জানান, পুরোনো গাছের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।

গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদারের বয়স এখন ৭৫ বছর। তিনি জানান, পুরোনো গাছ দুটি তার জন্মের আগে থেকেই ছিল এবং তার ধারণা, সেগুলোর বয়স ২০০ বছরের বেশি। তার মতে, গাছ দুটি এলাকার পরিচয়ের অংশ ছিল এবং স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।

পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করেই তিনি এই বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা শেষ করেছেন।