শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
ধর্মীয় ও সামাজিক

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করল পুলিশ, সড়কে বক্তব্য দিয়ে প্রস্থান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৫:৫৫ পিএম

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করল পুলিশ, সড়কে বক্তব্য দিয়ে প্রস্থান

প্রশাসনের অনুমতি না থাকায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার এলাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। মাহফিল করতে না পেরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সড়কের পাশে দাঁড়িয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এলাকা ত্যাগ করেন তিনি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুরে অলিরবাজারে এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গিয়াস উদ্দিন তাহেরীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার থেকেই স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদনও জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ জানায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল চারটার দিকে গিয়াস উদ্দিন তাহেরী ওই এলাকায় পৌঁছান এবং সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই-চার মিনিট বক্তব্য রেখে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী জানান, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্ম হয়ে তারাও এর প্রতিবাদ জানিয়েছেন।

অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন দাবি করেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বাধার কারণেই তাহেরী মাহফিল করতে পারেননি, যে কারণে বাধ্য হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে কয়েক মিনিট কথা বলে তিনি ফিরে গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তথ্যসূত্র: জাগো নিউজ।