নভেম্বর ২৭, ২০২৬, ১২:২৩ পিএম
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চান্দেরহাট বিওপি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে।
উদ্ধারকৃত এই নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
জব্দকৃত সিরাপের বিষয়ে বর্তমানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
অভিযানের বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন