নভেম্বর ২৬, ২০২৬, ০৪:৪৫ পিএম
মজুরি বোর্ডের ঘোষিত নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের চেষ্টা হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের বাসন থানার নলজানি, চান্দনা চৌরাস্তা ও শিববাড়ি মোড় এবং সদর উপজেলার মির্জাপুরে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এসব স্থানে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাওজোড় এলাকায় ১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
অবরোধ ও অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
অক্টোবর মাস থেকে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিলে দাবির তুলনায় কম হওয়ায় শ্রমিকরা আবার রাস্তায় নেমেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন জানান, ২০০৬ সালের শ্রম আইনের ১৪১ ধারায় মজুরি নির্ধারণের ৯টি মানদণ্ড বোর্ড অনুসরণ করেনি। সে কারণে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন