নভেম্বর ২৬, ২০২৬, ০৪:২৩ পিএম
আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী পেলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের দেওয়া জবাবে সন্তুষ্ট হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে পরিদর্শনে যান মন্ত্রী। মহাসড়কের পাশে অবস্থিত কলেজটিতে তিনি একতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। প্রায় ২০ মিনিট কলেজে অবস্থান করেন তিনি।
একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখে মন্ত্রী এক নারী শিক্ষকের কাছে জানতে চান, `স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?` জবাবে ওই শিক্ষক বলেন, `ক্লাশে একজন ছাত্রী আছে।`
শিক্ষার্থী কম থাকার কারণ জানতে চাইলে শিক্ষক বলেন, `মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট।`
মন্ত্রী জানতে চান, `মেয়েরা আসে না?` জবাবে শিক্ষক বলেন, `না, আসে না। আজকে মাত্র একজন আসছে।`
একজন ছাত্রীকে নিয়ে ক্লাস করার বিষয়ে আরেক শিক্ষক বলেন, `ওদের ক্লাশে অনেকেই এখনো ঢোকেনি। আমি নিয়মমতো এই সময়ে ঢুকছি।`
পরে মন্ত্রী জানতে চান, `কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!` জবাবে শিক্ষক বলেন, `সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে।`
শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে বলে জানান শিক্ষকদের একজন। তাঁদের ক্লাসে আনতে ফোন করতে হয় বলে জানান তিনি। শিক্ষকদের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী।
অন্য শ্রেণিকক্ষগুলোতেও হাতেগোনা কিছু শিক্ষার্থী ছিল। ছাত্রদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। মন্ত্রী প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে উপস্থিতি যাচাই করেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাঁর কলেজে শুধু উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৬৯ জন। আর দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থী ১৬৮ জন। গার্হস্থ্য ক্লাসে ১৫ থেকে ২০ জনের মধ্যে একজন ছাত্রী ছিল। তবে সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ জন উপস্থিত ছিল বলে তিনি দাবি করেন।
অধ্যক্ষ বলেন, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী হঠাৎ করে কলেজে ঢুকে পড়েন। বের হয়ে দেখেন গোটা চল্লিশেক গাড়ি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। বিষয়টি নজরদারি করার জন্য তিনি তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় মন্ত্রী অধিদপ্তরের কর্মকর্তাদের বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো মনিটর করতে হবে বলে জানান তিনি।
মন্ত্রী নাটোরের এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে আকাশপথে রাজশাহী আসেন। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় পথে মহাসড়কের পাশের ওই কলেজটি আকস্মিক পরিদর্শনে নামেন তিনি। নাটোরের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পথে এই পরিদর্শন করেন তিনি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী সংকট সব কলেজে চলছে। তিনি বলেন, শিক্ষার্থী সংকটের বিষয়টি এর আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় জানানো হয়েছিল। বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন