নভেম্বর ২৪, ২০২৬, ০৭:১৯ পিএম
বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংক দেশের শিক্ষাখাতের অগ্রগতি ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে।
আলোচনায় দেশের শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়েও কথা বলেন তারা।
শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
জ্যাঁ পেসমে ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ জানান।
সাক্ষাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন