নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৩০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই আয়োজনে প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী যোগ দেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন মাঠে মেলা চলে। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা বাড়ানো এবং বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানের যোগসূত্র ঘটাতে কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।
মেলায় প্রাক্তন স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ প্রফেশনাল প্রোগ্রাম শেষ করা শিক্ষার্থীর পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন।
জব ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন।
উদ্বোধনী পর্বে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
দুপুরে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো. ফজলুল হক।
চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার, চাকরির তথ্য নেওয়ার এবং নিজেদের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ পান। একই সঙ্গে পেশাগত নেটওয়ার্কিং তৈরির সুযোগও পান অংশগ্রহণকারীরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করা এবং ক্যারিয়ার পরিকল্পনায় শিক্ষার্থীদের সহায়তা করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন