নভেম্বর ২৪, ২০২৬, ০৫:৪৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত দর্শন শিক্ষক অধ্যাপক এম আবদুল হামিদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ বইয়ের মোড়ক উন্মোচন হয়। স্মারকগ্রন্থটির শিরোনাম প্রফেসর এম আবদুল হামিদ : এক দার্শনিক মনীষার পথ পরিক্রমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাবের চেয়ারম্যান প্রফেসর মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ।
দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রফেসর মোতাছিম বিল্যাহ। স্মারকগ্রন্থের সম্পাদক প্রফেসর মো. আক্তার আলী গ্রন্থপরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রফেসর হামিদের কন্যা প্রফেসর শারমিন হামিদ এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর শামীমা আক্তার বক্তব্য রাখেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক প্রফেসর মো. রোকনুজ্জামান।
তিনটি অধ্যায়ে সাজানো এই স্মারকগ্রন্থে মোট নয়টি প্রবন্ধ স্থান পেয়েছে। এগুলোতে অধ্যাপক হামিদের ব্যক্তিত্ব, জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি তার পঠন-পাঠনের ক্ষেত্র সমকালীন নীতিবিদ্যা ও বিশ্লেষণী দর্শনকে কেন্দ্র করে সাতটি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গ্রন্থটিতে কিছু আলোকচিত্রও যুক্ত করা হয়েছে।
প্রফেসর এম আবদুল হামিদের জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন, বর্তমান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর বা এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৮২ সালে ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯০ সালে প্রফেসর পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি দর্শন বিভাগের সভাপতি, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক, রাকসুর কোষাধ্যক্ষ এবং রাবি দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
গবেষণা তত্ত্বাবধান ও প্রকাশনার ক্ষেত্রেও তার কাজের পরিধি ছিল বিস্তৃত। তিনি ৪টি এমফিল ও ৭টি পিএইচডি গবেষণার তত্ত্বাবধান করেন। দেশে ও বিদেশে তার ৬টি গ্রন্থ এবং ২৭টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, তুলনামূলক ধর্মীয় নীতিবিদ্যা, মুসলিম দর্শন এবং বিশ্লেষণী দর্শন ছিল তার অধ্যয়ন ও চর্চার প্রধান ক্ষেত্র। ২০২১ সালের ১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মির্জাপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন এবং ওই দিনই বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন