সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

এডাস্ট ইনোভেশন হাব উদ্বোধন গবেষণায় নতুন সম্ভাবনার ইঙ্গিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৪৪ পিএম

এডাস্ট ইনোভেশন হাব উদ্বোধন গবেষণায় নতুন সম্ভাবনার ইঙ্গিত

ছবি : সংগ্রহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত এডাস্ট ইনোভেশন হাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ভবনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তা বিকাশের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে উদ্যোগটি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন।

উচ্চশিক্ষার সঙ্গে গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ের ওপর জোর দেন প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। তার মতে, পরিবর্তনশীল বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কেবল প্রচলিত পাঠদানে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণার সক্ষমতা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের ক্ষেত্র তৈরি করতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবন ও দক্ষতা গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার ভাষায়, ইনোভেশন হাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল উদ্যোগ ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামুখী চিন্তা এবং উদ্ভাবনী সক্ষমতায় সমৃদ্ধ করা। এডাস্ট ইনোভেশন হাব সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, নতুন ধারণা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার সুযোগ আরও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইনোভেশন হাব ভবনের নির্মাণ, অবকাঠামোগত পরিকল্পনা, সমন্বয় এবং এর উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে পরিচিতিমূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং এডাস্ট ইনোভেশন হাব ভবন নির্মাণ ও সমন্বয় কমিটির আহ্বায়ক ড. ইঞ্জিনিয়ার জাবের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাস্ট ইনোভেশন হাব বিল্ডিং কন্সট্রাকশন এন্ড কো-অর্ডিনেটর কমিটির সদস্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কো-অর্ডিনেটর রাফিদ মাহমুদ হক।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মো. সিরাজুল হক চৌধুরী, সদস্য কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক (পরিকল্পনা) মাকসুদুর রহমান ভূঁইয়া।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক অর্থ, বিভিন্ন অনুষদ ও বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরীর হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।