নভেম্বর ২৩, ২০২৬, ০৫:১০ পিএম
মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিস্তারিত প্রস্তাব তুলে ধরেছে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা জানান, মাতারবাড়ীতে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি জ্বালানি কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সেখানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় তারা।
প্রতিনিধিদলের উপস্থাপনা শুনে বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। তার সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।
সাক্ষাতে এসকে গ্রুপের প্রতিনিধিদল বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আন্তরিক আগ্রহের কথাও জানায় তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরাও বৈঠকে ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন