নভেম্বর ২৩, ২০২৬, ০৪:১৪ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের জন্য জরুরি ভিত্তিতে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা ৩৩ পয়সা বিশেষ বরাদ্দ চেয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই আবেদনপত্র হস্তান্তর করা হয়। বিশ্বমানের আধুনিক করপোরেট চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বরাদ্দ চাওয়া হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান ও বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মন্ত্রীর হাতে আবেদনপত্রটি তুলে দেন।
প্রয়োজনীয় যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বিশেষ বরাদ্দ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দেন এবং হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
আবেদনপত্র হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ উপস্থিত ছিলেন। আরও ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউ ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক অর্থ ও হিসাব খন্দকার শফিকুল হাসান রতন।
আবেদনপত্রে জানানো হয়েছে, হাসপাতালটি শুরু থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছিল। এরপর ১ অক্টোবর থেকে এটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত হয়ে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড নামে যাত্রা করে। পূর্ণাঙ্গরূপে চালু হলে এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ও ডিজিজ, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসা, অনকোলজি, রেডিওলজি ও ইমেজিং, বিশেষায়িত জরুরি চিকিৎসা এবং বন্ধ্যাত্ব ও বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে। পাশাপাশি সিসিইউ, আইসিইউ, এনআইসিইউর সঙ্গে শিশুদের জন্য পিআইসিইউ সুবিধাও থাকবে।
প্রস্তাবিত বিশেষ বরাদ্দের অর্থ জনবল ও বেতন-ভাতা, চিকিৎসা ও শৈল্য সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। জনবল ও বেতন-ভাতা খাতে চিফ কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্টসহ অভিজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হবে, যার নিয়োগ কার্যক্রম জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ইতিমধ্যে চলছে। চিকিৎসা ও শৈল্য সরঞ্জাম খাতে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ ও পিআইসিইউ ইউনিটের লাইফ সাপোর্ট ভেন্টিলেটর, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম ও আধুনিক হসপিটাল বেড কেনা হবে।
অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার খাতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য চিলার স্থাপন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট ও সাবস্টেশন স্থাপন, হেপা ফিল্টার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কেবিন ও ওয়ার্ড সংস্কার, আউটডোর ওয়েটিং রুম আধুনিকীকরণ, ল্যাব, মর্চুয়ারি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া ও পার্কিং র্যাম্প সংস্কার এবং হাসপাতাল চত্বরে সবুজায়ন ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ বরাদ্দ পেলে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর গতি বাড়বে এবং চিকিৎসায় বিদেশমুখিতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন