নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৩২ পিএম
হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, এদিন আসামির পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট সাথী শাহা এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। সেদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে উল্লেখ করেন।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জন আসামি যোগসাজশে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাতাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। এতে সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হন এবং চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন