নভেম্বর ২১, ২০২৬, ১২:২৪ পিএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে নির্ধারিত গেট ব্যবহার, পরিচয়পত্র সঙ্গে রাখা এবং তল্লাশি জোরদারের নতুন নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আদেশে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সই করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাঙ্গণে ঢুকতে ও বের হতে মাজার গেট এবং বার কাউন্সিল ভবন সংলগ্ন আউটার গেট—এই দুটি নির্ধারিত গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে কেবল বাইরে যাওয়ার একমুখী চলাচল অনুমোদিত থাকবে, ভেতরে প্রবেশ করা যাবে না; আর প্রশাসনিক জামে মসজিদ সংলগ্ন গেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক বন্ধ থাকবে।
আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অন্যদের প্রবেশের সময় নিজস্ব পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ চাইলে তা দেখাতে হবে। প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি বাড়ানো হবে এবং প্রয়োজনে প্রাঙ্গণে ঢুকতে আসা সবাইকে তল্লাশির আওতায় আনা হবে।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিরাপত্তা নির্দেশনা কার্যকর থাকবে এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন