নভেম্বর ১৯, ২০২৬, ০৫:০৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় গুলির ঘটনায় করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে তার বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক মো. মুর্শিদুল আলম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, বুধবার দিনগত রাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়েছিল বলে আবেদনে জানানো হয়েছে।
পুলিশের আবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি তার নাম-ঠিকানাও যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে মনে করছে পুলিশ এবং তদন্তের প্রয়োজনে পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
ওই হামলায় বাদীর ডান পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।
এজাহারে জ্যোতিকাকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধেও আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয় এবং এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন