অক্টোবর ২৫, ২০২৬, ০৭:০৯ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির রাস্তার জমি নিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মনোরঞ্জন রায় নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় প্রয়াত আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন একটি চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রোববার দুপুরে ওই রাস্তার সীমানা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধ মেটাতে এবং উভয় পক্ষকে শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হন শিক্ষক মনোরঞ্জন রায়। ওই সময় আসাদুজ্জামান ও তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয়।
তারা সজনে গাছের শক্ত ডাল ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। উপর্যুপরি মারধরের একপর্যায়ে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করেন।
সংবাদ পাওয়ার সাথে সাথে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামানকে (৩২) ঘটনাস্থল থেকেই নিজেদের হেফাজতে নেয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আকস্মিক এই হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের তড়িৎ পদক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন