নভেম্বর ১৬, ২০২৬, ০৪:১৪ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে সোমবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা তাঁর পরিবার নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে বসবাস করতেন। নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর ঘরের রুমের জানালার গ্রিল কেটে প্রথম আসামি সোহেল রানা পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২১ মে গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর পর গত ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং সেদিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন মামলার রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন এবং এর মাধ্যমেই একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয় এবং গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছিল, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে এবং ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে। এ ছাড়াও আসামি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে এই মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পৌঁছায় এবং আসামিরা জেল আপিল করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন