নভেম্বর ১২, ২০২৬, ০৫:৫৯ পিএম
সারা দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে কঠোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। অন্যদিকে, ইটভাটা মালিকদের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীরা জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে দেশের অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন দাখিল করে পূর্বের আদেশ সংশোধনের প্রার্থনা জানানো হয়েছিল। তবে আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন এবং এর পরই দেশব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার আবেদন করা হলে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের মূল আদেশ বহাল রাখেন। ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিকরা আপিল বিভাগে গেলেও কোনো স্থগিতাদেশ পাননি এবং পরবর্তীতে আপিল বিভাগে সেসব আপিল খারিজ হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার অপচেষ্টা চালাচ্ছে—এমন সংবাদ পেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে হাইকোর্টে একটি নতুন আবেদন দাখিল করা হয়। সেই আবেদনের ওপর শুনানি নিয়েই আদালত পরিবেশ অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের প্রতি এই নতুন নির্দেশ প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন