সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০১:২৫ পিএম

পাঁচ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে

হাইকোর্ট।

চেকের মাধ্যমে লেনদেন করা অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা বা তার কম হলে সংশ্লিষ্ট মামলার বিচার এখন থেকে ম্যাজিস্ট্রেট আদালতে হবে। আর পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার থাকবে যুগ্ম জেলা জজ আদালতের। এসংক্রান্ত একটি মামলার শুনানি শেষে গুরুত্বপূর্ণ এই রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

আইনজীবী জানান, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ সংশোধন করে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নতুন করে নির্ধারণ করা হয়েছিল। সংশোধিত বিধান অনুযায়ী, পাঁচ লাখ টাকা পর্যন্ত অঙ্কের মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত এবং এর বেশি অঙ্কের মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে। তবে সংশোধিত আইনটি কার্যকর হওয়ার পরও আদালতের নিম্ন স্তরে তা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছিল না।

আইনগত এই অসামঞ্জস্য দূর করতে জয়পুরহাটের একটি মামলা নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। মামলাটিতে ১ লাখ ৮৬ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে বিচার কার্যক্রম যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। গত ২৮ অক্টোবর সংশ্লিষ্ট বেঞ্চে ফৌজদারি কার্যবিধির ৫৬১(এ) ধারায় এই বিষয়ে আবেদন করেন আইনজীবী।

মামলাটির ওপর শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। রায়ে আদালত স্পষ্ট করে জানিয়েছেন যে, সংশোধিত আইনের বিধান অনুযায়ী পাঁচ লাখ টাকা বা তার কম অঙ্কের চেক ডিজঅনার মামলা বিচারের পূর্ণ এখতিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের রয়েছে।

ফলে যুগ্ম জেলা জজ আদালতে বর্তমানে পাঁচ লাখ টাকা বা তার নিচে অঙ্কের যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনার এখতিয়ার ওই আদালতের নেই বলে রায়ে উল্লেখ করা হয়।