নভেম্বর ৯, ২০২৬, ১২:০১ পিএম
গেমিং, কাজ কিংবা সাধারণ ব্রাউজিংয়ের সময় কাজের গতি বাড়াতে দ্বিতীয় মনিটর যুক্ত করা অত্যন্ত কার্যকর একটি উপায়। তবে এই সুবিধা পেতে সবসময় নতুন কোনো হার্ডওয়্যার কেনার প্রয়োজন হয় না। বাড়িতে যদি কোনো অতিরিক্ত বা পুরনো ল্যাপটপ পড়ে থাকে, তবে সামান্য কিছু কৌশল অবলম্বন করে সেটিকে খুব সহজেই দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার করা সম্ভব। তবে ল্যাপটপকে দ্বিতীয় মনিটরে রূপান্তর করার প্রক্রিয়াটি কেবল একটি সাধারণ এইচডিএমআই কর্ড প্লাগ ইন করার মতো সহজ নয়।
উইন্ডোজ ১০ বা ১১ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারের ক্ষেত্রে মাইক্রোসফটের বিল্ট-ইন ওয়্যারলেস কাস্টিং টুল ব্যবহার করে এই কাজ খুব সহজেই করা যায়। এটি মিরাকাস্ট প্রযুক্তির মাধ্যমে ওয়াই-ফাইয়ের সাহায্যে ডিভাইসগুলোকে সংযুক্ত করে। এজন্য অতিরিক্ত ল্যাপটপের সেটিংস থেকে সিস্টেমে গিয়ে প্রজেক্টিং টু দিস পিসি অপশন বেছে নিতে হবে। সেখানে উইন্ডোজ ডিসপ্লে যুক্ত করে তা অ্যাভেইলেবল এভরিহোয়্যার করে ওয়্যারলেস ডিসপ্লে অ্যাপ চালু করতে হবে। এরপর মূল কম্পিউটার থেকে উইন্ডোজ কি এবং কে একসঙ্গে চেপে তালিকা থেকে ল্যাপটপটি নির্বাচন করা যাবে।
অ্যাপল ব্যবহারকারীদের ক্ষেত্রে দুটি ম্যাকবুক সংযুক্ত করতে এয়ারপ্লে প্রযুক্তি ব্যবহার করা যায়, তবে এর জন্য ম্যাকবুকটি ২০১৮ বা তার পরের সংস্করণের হতে হবে। যে ম্যাকবুকটি দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার করতে চান তার সেটিংস থেকে এয়ারপ্লে রিসিভার চালু করতে হবে এবং দুটি ডিভাইসকেই একই অ্যাপল আইডির অধীনে থাকতে হবে। এরপর মূল ডিভাইসের ডিসপ্লে সেটিংস থেকে ড্রপডাউন মেনু ব্যবহার করে দ্বিতীয় ডিভাইসটি যুক্ত করা সম্ভব।
উইন্ডোজ এবং ম্যাকবুকের মতো ভিন্ন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডেস্করিন নামক একটি ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। দুটি কম্পিউটার একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করে মূল ডিভাইসে এই সফটওয়্যারটি নামাতে হবে। এরপর সেখানে প্রদর্শিত কিউআর কোড বা ইউআরএল অতিরিক্ত ল্যাপটপের ব্রাউজারে ওপেন করলে ডিভাইস দুটি যুক্ত হয়ে যাবে। ওয়াই-ফাই ভিত্তিক সংযোগে সামান্য ল্যাগ বা বিলম্ব হতে পারে।
ওয়াই-ফাইয়ের পরিবর্তে তারযুক্ত সংযোগ পেতে এবং ল্যাগ কমানোের জন্য এইচডিএমআই টু ইউএসবি ভিডিও ক্যাপচার কার্ড ব্যবহার করা যেতে পারে। মূল ডিভাইসের এইচডিএমআই ক্যাবলটি কার্ডে এবং কার্ডের ইউএসবি প্রান্তটি অতিরিক্ত ল্যাপটপে যুক্ত করতে হবে। এই কার্ডটি ওয়েবক্যামের মতো কাজ করবে এবং ওবিএস স্টুডিওর মতো ফ্রি ভিডিও অ্যাপের মাধ্যমে ল্যাপটপের ক্যামেরা অ্যাপে ফিড দেখতে পাওয়া যাবে।
ল্যাপটপের পাশাপাশি বর্তমানের প্রায় সব নতুন স্মার্ট টিভিও কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যায়। সরাসরি এইচডিএমআই ক্যাবল দিয়ে পিসি ও টিভি সংযুক্ত করে মেনু সেটিংস থেকে সঠিক ইনপুট বেছে নিলেই মনিটর হিসেবে টিভি ব্যবহার করা সম্ভব। এছাড়া থান্ডারবোল্ট বা ডিসপ্লেপোর্ট ব্যবহারের ক্ষেত্রে ইউএসবি-সি টু এইচডিএমআই অ্যাডাপ্টারের প্রয়োজন হতে পারে। ওয়্যারলেস উপায়ে অ্যাপল এয়ারপ্লে বা গুগলকাস্ট ব্যবহার করেও স্মার্ট টিভিতে স্ক্রিন মিররিং করা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন