নভেম্বর ৮, ২০২৬, ১২:৫২ পিএম
বাইরে কোথাও যাওয়ার সময় হঠাৎ ফোনের চার্জ তিন শতাংশে নেমে এলে দুশ্চিন্তায় পড়ে যাননি—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তখন দ্রুত চার্জার খোঁজা, কারও কাছ থেকে চার্জার ধার নেওয়া কিংবা কাছের কোনো চার্জিং পয়েন্ট ব্যবহার করাই হয়ে ওঠে প্রথম কাজ। তবে ফোনের চার্জ ধরে রাখার বিষয়ে আমরা যতটা সচেতন, ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম মেনে চলার ক্ষেত্রে ততটা সচেতন নই।
পুরোনো বা নিম্নমানের চার্জার ব্যবহার থেকে শুরু করে বালিশের নিচে ফোন রেখে চার্জ দেওয়া—প্রতিদিনের এমন কিছু অভ্যাস ফোনের ব্যাটারির মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে বড় ধরনের নিরাপত্তাঝুঁকিও। তাই ফোনের ব্যাটারি ভালো রাখতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে চার্জ দেওয়ার সময় পাঁচটি সাধারণ ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।
প্রথমত, কম দামে পাওয়া নিম্নমানের চার্জার কেনা। পুরোনো চার্জার নষ্ট হয়ে গেলে অনেকেই কম দামে পাওয়া যায় এমন চার্জার কিনে নেন। দেখতে একই রকম হলেও সব চার্জারের মান ও নিরাপত্তাব্যবস্থা এক নয়। নিম্নমানের চার্জারে প্রয়োজনীয় বৈদ্যুতিক সুরক্ষাব্যবস্থা না থাকলে ডিভাইস অতিরিক্ত গরম হওয়া কিংবা বৈদ্যুতিক ত্রুটির ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। তাই চার্জার কেনার ক্ষেত্রে শুধু দাম বিবেচনা না করে ফোনের নির্মাতা প্রতিষ্ঠানের অনুমোদিত অথবা স্বীকৃত নিরাপত্তা সনদযুক্ত ও ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্জার বেছে নেওয়া উচিত।
দ্বিতীয়ত, বালিশের নিচে ফোন রেখে চার্জ দেওয়া। অনেকেই ঘুমানোর সময় ফোন বালিশের পাশে কিংবা বালিশের নিচে রেখে চার্জ দেন। ফোনে অ্যালার্ম দেওয়া থাকলে এমন অভ্যাস আরও বেশি দেখা যায়। কিন্তু বালিশ, কম্বল কিংবা বিছানার চাদরের নিচে ফোন রাখলে চারপাশে তাপ আটকে যেতে পারে। চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক হলেও, তাপ বের হওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকলে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। তাই বিছানা বা বালিশের পরিবর্তে শক্ত, সমতল ও খোলামেলা জায়গায় ফোন রেখে চার্জ দেওয়া নিরাপদ।
তৃতীয়ত, চার্জে লাগিয়ে ভারী গেম খেলা। ফোন চার্জে থাকা অবস্থায় ছোটখাটো মেসেজ পাঠানো বা ফোনে কথা বলা সাধারণত বড় সমস্যা তৈরি করে না। তবে দীর্ঘ সময় ধরে ভারী গেম খেলা, ভিডিও ধারণ করা কিংবা বেশি প্রসেসিং ক্ষমতা প্রয়োজন এমন অ্যাপ ব্যবহার করলে ফোন দ্রুত গরম হয়ে যেতে পারে। চার্জ দেওয়ার সময় ব্যাটারিতে এমনিতেই কিছুটা তাপ তৈরি হয় এবং এর সঙ্গে অতিরিক্ত ব্যবহারের তাপ যুক্ত হলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ব্যাটারির কার্যক্ষমতা ও আয়ু দ্রুত কমে যায়।
চতুর্থত, নষ্ট বা ক্ষতিগ্রস্ত চার্জিং কেবল ব্যবহার করা। অনেকের চার্জিং কেবল এমন অবস্থায় পৌঁছায় যে নির্দিষ্ট কোণে বাঁকিয়ে রাখলেই কেবল চার্জ হয়। কোথাও তার ছিঁড়ে গেছে, সংযোগ ঢিলা হয়ে গেছে কিংবা কেবলের বাইরের আবরণ উঠে গেছে। এমন সমস্যার পরও অনেকে সেটি ব্যবহার করতে থাকেন। কিন্তু ক্ষতিগ্রস্ত কেবল বা অ্যাডাপ্টার ব্যবহারে বৈদ্যুতিক ত্রুটি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। সামান্য অর্থ সাশ্রয়ের জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক নয়।
পঞ্চমত, অতিরিক্ত গরম পরিবেশে ফোন চার্জ দেওয়া। গরমের দিনে সরাসরি রোদে রাখা গাড়ির ভেতরে ফোন চার্জ দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ অভ্যাস। বিশেষ করে গাড়ির ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে গেলে ফোনের ব্যাটারির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। অতিরিক্ত তাপমাত্রা লিথিয়াম-আয়ন ব্যাটারির কার্যক্ষমতা কমাতে পারে এবং ব্যাটারির স্বাভাবিক আয়ু দ্রুত ক্ষয় করতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন সরাসরি সূর্যের আলো, গরম পৃষ্ঠ কিংবা অন্য কোনো তাপের উৎস থেকে সর্বদা দূরে রাখুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন