রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,
বিনামূল্যে চক্ষু শিবির

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে ৩০০ ছানি রোগীর অপারেশনের জন্য চক্ষু শিবির অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ৮, ২০২৬, ০১:১২ পিএম

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে ৩০০ ছানি রোগীর অপারেশনের জন্য চক্ষু শিবির অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদে দাতা সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ বা ছওয়াবের উদ্যোগে তিনশ ছানি রোগীর অপারেশনের জন্য একটি দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ফতেজংপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার বা ভূমি কমিশনার শাহানা আফরোজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি।

দাতা সংস্থা সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ বা ছওয়াব এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সেবা কর্মসূচি পরিচালিত হয়। এই শিবির থেকে চিরিরবন্দর উপজেলার তিনশ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়। এর পাশাপাশি অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন এবং অনুষ্ঠানে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ছওয়াব ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবিদার। একজন মানুষ দৃষ্টিশক্তির অভাবে অন্ধ হয়ে থাকার কারণে পরিবারের অন্য সদস্যদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। অপারেশনের মাধ্যমে ছানি দূর হলে সে সেই পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারবে। তিনি ছওয়াবের চিরিরবন্দর অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নধর্মী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং তাদের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন।

ছওয়াবের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. বোরহান উদ্দিন জানান, ছওয়াব মানবসেবার পবিত্র ব্রত নিয়ে ১৯৯৫ সাল থেকে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি এবং জীবিকায়ন নিয়ে দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের তিনশ মানুষের ছানি অপারেশনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে তিনশটি পরিবারে নতুন করে স্বনির্ভরতা ফিরে আসবে বলে তারা আশাবাদী। দিনব্যাপী চিরিরবন্দরে অনুষ্ঠিত এই সেবামূলক কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।