নভেম্বর ৭, ২০২৬, ০৭:১০ পিএম
দিনাজপুরের হিলিতে হিলি-জয়পুরহাট সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ৭৬ লাখ টাকার চেক হস্তান্তর নিয়ে গুরুতর অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত দাবি করে আসমান আলী নামের এক ব্যক্তি ওই চেকের অর্থ ছাড় বন্ধসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে আসমান আলী জানান, হিলি বাসুদেবপুর মৌজায় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ছয় শতক তিনি ২০২০ সালে দলিলমূলে সম্পত্তির ওপর নিজ অর্থে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। পরবর্তীতে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার যাচাই-বাছাই শেষে স্থাপনার ক্ষতিপূরণ বাবদ তাঁর নামে ৭৬ লাখ ৩৯ হাজার ৯৬৬ টাকা ৫৬ পয়সা নির্ধারিত হয়।
তাঁর অভিযোগ, শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের করার পরও কোনো লিখিত আদেশ না দিয়ে গত বৃহস্পতিবার ৫ নভেম্বর ওই টাকার চেক অন্য জমির মালিক মোবারক হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ক্ষতিপূরণের টাকা ছাড় করানোর জন্য ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার জিয়া তাঁর কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন এবং বিভিন্ন দফায় ৭০ হাজার টাকা নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আসমান আলী আগামী রবিবার (৮ নভেম্বর) ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই ওই চেকের অর্থ উত্তোলন বন্ধ, প্রকৃত ক্ষতিগ্রস্ত হিসেবে তাঁর পাওনা বুঝিয়ে দেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন