শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

সাংবাদিককে অপদস্থ করার অভিযোগে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বিনোদন ডেস্ক

নভেম্বর ৭, ২০২৬, ০৭:১৫ পিএম

সাংবাদিককে অপদস্থ করার অভিযোগে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ছবি: সংগৃহীত

সাংবাদিককে প্রকাশ্যে গালাগাল ও অপদস্থ করার অনভিপ্রেত ঘটনার জেরে চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ওই আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল।

জানা গেছে, সম্প্রতি পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড (CFVA) আয়োজিত অনুষ্ঠানের একটি পোস্টার প্রকাশ করেছিলেন। সেখানে নিজের ছবি যুক্ত করে তিনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

এতে পরীমনির অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একজন সাংবাদিককে প্রকাশ্যে অপদস্থ করার অভিযোগ তুলে পরীমনিকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জোরালো প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকেরা। এই ঘটনার জেরে অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহত করার ঘোষণাও দেয় চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন।

পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত আয়োজকেরা অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তার ছবি বাদ দিয়ে নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানান, ঢাকা আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে পরীমনির অনভিপ্রেত ঘটনার আগেই তার সঙ্গে আয়োজকদের চুক্তি হয়েছিল। তবে একজন গণমাধ্যমকর্মীকে অসম্মান করার মতো ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পরিশেষে অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়া হয়েছে।