শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

সাংবাদিক রাজুকে গালিগালাজ ও হুমকির ঘটনার তীব্র নিন্দা জানালেন রাশেদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৬:৩১ পিএম

সাংবাদিক রাজুকে গালিগালাজ ও হুমকির ঘটনার তীব্র নিন্দা জানালেন রাশেদ খান

ছবি: সংগৃহীত

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির অশোভন আচরণ ও মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সব মহলে আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক রাজুর পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে রাশেদ খান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের একটি আলোচিত বক্তব্যের পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল এবং নুরুল হক নুরকে কোর্টে তোলার জন্য আনা হয়েছিল। বৃষ্টির কারণে মাত্র দুজন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায় ও এদিক-সেদিক অবস্থান করছিলেন।

তিনি আরও লেখেন, পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরকে প্রশ্ন করে বলেন, নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর ওই ঐতিহাসিক মন্তব্যটি করেন। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সব গণমাধ্যম তা প্রচার করে। এর মাধ্যমে জাতি নতুন শক্তি, সাহস ও নির্দেশনা পায়। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব ভিন্ন মনে হতে পারে, কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।

অনেকে এই বক্তব্য শুনেছেন কিন্তু পেছনের গল্প জানেন না উল্লেখ করে তিনি লেখেন, পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু অত্যন্ত অমায়িক ও ভালো ছেলে। তাকে কখনো রাগতে দেখা যায়নি এবং তিনি সবসময় পরিপাটি থাকেন। ঠিক পোশাক-আশাকে যেমন পরিপাটি, আচরণ, কথাবার্তা ও ব্যবহারেও তিনি তেমনই মৃদুভাষী ও ভদ্র।

রাশেদ খান আরও উল্লেখ করেন, ছেলেটির এক হাতে জন্মগত ত্রুটি রয়েছে, যা তার পেশাগত জীবনে কখনো কোনো বাধা হতে পারেনি। বরং স্বাভাবিক অনেকের চেয়ে তার ক্যামেরা ধরার স্টাইল ও ভিডিও এডিটিং অনেক সুন্দর। তিনি রাজুর সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বলেন, তাকে যেভাবে ব্লেম দিয়ে অপদস্থ করা হয়েছে, তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানান। আমরা রাজুর সঙ্গে আছি, ইনশা আল্লাহ।