বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৭:১২ পিএম

যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত আমির উল্লেখ করেন যে ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন বহুমুখী ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা ঘটেছিল। তিনি স্মরণ করিয়ে দেন যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে গভীর রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার সেই ঐক্যবদ্ধ ভূমিকা পুরো পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করে। সে সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত সাধারণ জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সম্মিলিত প্রত্যয় আরও বেশি সুদৃঢ় হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন যে বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের জটিল রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত হতে পারে এমন যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দেওয়ার জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে দেশকে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন বা স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো চক্রান্ত দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে চিরতরে সুসংহত করতে দেশের সকল দেশপ্রেমিক ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অত্যন্ত দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিশেষে, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ সর্বদা সমুন্নত রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশপ্রেমিক ছাত্র-জনতাকে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।