শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
পোশাক কারখানা ছুটি

আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ০৭:৩৮ পিএম

আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোশাক কারখানাগুলোতেও এই ছুটি কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। পাশাপাশি দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

সরকারের এই নীতিগত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার পোশাক কারখানাগুলোতেও সাধারণ ছুটি কার্যকরের ঘোষণা দিল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বা বিজিএমইএ। উল্লেখ্য, চলতি বছর ৭ নভেম্বর শনিবার পড়েছে। ফলে দিনটি সাপ্তাহিক ছুটির দিন হিসেবেই নির্ধারিত ছিল।