শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
সাইবার নিরাপত্তা

সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন

জাতীয় ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৮:৪৯ পিএম

সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: মাহ্দী আমিন

ব্যক্তিপর্যায়ে ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, সরকার এমন নীতি ও আইনি কাঠামো বাস্তবায়নে কাজ করছে, যা দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা দেবে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করবে এবং প্রত্যেকের মর্যাদা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে। 

সরকার বিশ্বাস করে উন্মুক্ত পরামর্শ ও সংলাপে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে আমরা এমন একটি সুদৃঢ় জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব, যেখানে সাইবার নিরাপত্তার মূল উদ্দেশ্য বজায় থাকবে এবং প্রতিটি নাগরিক আইনের চোখে সমতা, ন্যায্যতা ও সুবিচার পাবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সাইবারফ্রেমস ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহ্দী আমিন এই কথাগুলো বলেন।

সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, আজকের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সবার দৈনন্দিন জীবন ও নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। মানুষ প্রতিনিয়ত সাইবার জগতে জালিয়াতি, আর্থিক অনিয়ম, অপতথ্য ও মিসইনফরমেশনের শিকার হচ্ছেন। অসত্য তথ্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও মানুষের চরিত্রহননের মতো অপরাধ যেমন ঘটছে, তেমনি এই মাধ্যমটিকে নারীদের হয়রানি ও অনিরাপদ করার কাজে ব্যবহার করা হচ্ছে।

ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো যেকোনো ডিভাইসে ইন্টারনেটের অপব্যবহার, সংবেদনশীল তথ্য চুরি ও হ্যাকিং রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়ে তিনি আরও বলেন, প্রযুক্তির অনিয়ন্ত্রিত অপব্যবহার বন্ধ করে সাইবার স্থানকে বিশেষত নারী ও সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ করা অত্যন্ত জরুরি। সাইবার অপরাধ ও গোপনীয়তা লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের ভয় না পেয়ে দৃঢ়তার সাথে দাঁড়ানোর এবং রাষ্ট্রের আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় উল্লেখ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী অবদানের কথা স্মরণ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, বাংলাদেশে একসময় কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না এবং উচ্চশিক্ষার সুযোগ কেবল সরকারি প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ ছিল। সেই সময় তৎকালীন বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন যে শিক্ষার বিস্তার ও সুযোগ সৃষ্টির জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি। সেই দূরদর্শী চিন্তার আলোকে তৈরি নীতিমালার ওপর ভিত্তি করেই দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি আত্মপ্রকাশ করে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

দেশের শিক্ষাব্যবস্থা ও তরুণদের মেধা বিকাশ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, শিক্ষার লক্ষ্য কেবল সার্টিফিকেট প্রদান কিংবা সবাইকে নির্দিষ্ট কিছু পেশায় সীমাবদ্ধ রাখা হতে পারে না। শিক্ষার্থীরা যেকোনো বিভাগেই পড়াশোনা করুক না কেন, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে তাদের ভেতরের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভাকে বিকশিত করাই হওয়া উচিত মূল উদ্দেশ্য। শিল্প, সাহিত্য, সংগীত কিংবা পারফর্মিং আর্টসে তরুণদের যে আগ্রহ ও দক্ষতা রয়েছে, সরকার হিসেবে তাদের সেই অধিকার ও সুরক্ষা দেওয়া এবং প্রতিভাকে প্রস্ফুটিত করার পূর্ণ সুযোগ তৈরি করে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. এ. কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং সহ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদসহ অন্যান্যরা।