শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
বগুড়ায় পুলিশে হামলা

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৮:২৭ পিএম

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান।

পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে পিকআপ ভ্যানে তোলার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় একদল ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাদের হেফাজত থেকে সুমনকে ছিনিয়ে নেন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।