শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

আইসিএপিপির সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

জাতীয় ডেস্ক

নভেম্বর ৬, ২০২৬, ০৮:৪৩ পিএম

আইসিএপিপির সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর সংগঠন আইসিএপিপির সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও ঘোষণার বাস্তবায়নে সদস্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এর মাধ্যমে এশিয়ায় শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আইসিএপিপি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

শুক্রবার বিকেলে সিউলের হোটেল শিলার ডাইনেস্টি হলে অনুষ্ঠিত আইসিএপিপির সম্মেলনের শেষ দিনের পঞ্চম ও সর্বশেষ প্ল্যানারি অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপদেষ্টা উল্লেখ করেন, তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা এবং সম্মেলনের শেষ প্ল্যানারি সেশনে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতিফলন।

তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের গঠনমূলক বক্তব্য ও প্রস্তাবের প্রশংসা করে বলেন, ঘোষণাপত্র প্রণয়ন ও অনুমোদনের ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা ও ঐকমত্য প্রতিষ্ঠার মানসিকতা অত্যন্ত প্রশংসনীয়। এর মধ্য দিয়ে এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

সিউল ঘোষণায় এশিয়ার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, রূপান্তরিত বিশ্বে আস্থা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, দায়িত্বশীল জাতীয় নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং ভৌগোলিক বিভাজন অতিক্রম করে অব্যাহত সংলাপ অপরিহার্য। ঘোষণায় আরও বলা হয়, সরকার, সংসদ ও নাগরিকদের মধ্যে সংযোগ স্থাপনকারী রাজনৈতিক দল হিসেবে এ ধরনের আস্থা গড়ে তুলতে বিশেষ দায়িত্ব রয়েছে।

সম্মেলনের সমাপনী দিনে বিএনপির প্রতিনিধি দলের নেতা মো. ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আইসিএপিপির চেয়ারম্যান চুং জং-সেক, মহাসচিব ওহ সং, ভাইস চেয়ারম্যান মুশাহিদ সাঈদ এবং দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

সমাপনী প্ল্যানারি সেশনে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন দেশের ১৯ জন প্রতিনিধি বক্তব্য দেন। এর আগে অনুষ্ঠিত অন্য সেশনগুলোতে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ও বিরোধী দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আইসিএপিপির ত্রয়োদশ সাধারণ অধিবেশনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।